
বাংলাদেশের স্বাধীনতা কোনো একক রাজনৈতিক দলের কৃতিত্ব নয়; এটি গোটা জাতির ত্যাগ, সংগ্রাম ও রক্তের ফসল-বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে জমিয়ত কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৭১ সালে সাধারণ মানুষ, আলেম-ওলামা, ছাত্রসমাজ, শ্রমিক ও কৃষক-সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এ বিজয় কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দি অবস্থায় ছিলেন। অপরদিকে, তৎকালীন সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমান সরাসরি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন এবং চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা প্রদান করেছেন। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও সক্রিয় ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। তাঁর ভূমিকার মাধ্যমেই আল্লাহর রহমতে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান লাভ করে।
আলোচনা সভায় দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহকারী মহাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, সহ-প্রচার সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ কাসেমীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাধীনতার ইতিহাসকে একটি রাজনৈতিক দল দলীয়করণের মাধ্যমে সংকীর্ণভাবে উপস্থাপন করেছে। এখন সময় এসেছে প্রকৃত ইতিহাস তুলে ধরে সকলের সম্মিলিত ত্যাগকে স্বীকৃতি দেওয়ার। নতুন প্রজন্মের কাছে সত্য ও পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরাই হোক বিজয়ের প্রকৃত চেতনা।
সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা আবুল বাশার, মুফতি মাহবুবুল আলম কাসেমী, মাওলানা শিব্বির আহমদ, মুফতি হাসান আহমদ, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা সাইফুদ্দিন ইউছুফ ফাহিম, মাওলানা আব্দুল্লাহ আল বাকী, এম মোফাজ্জল ইবনে মাহফুজ, ছাত্র জমিয়তের সভাপতি রিদওয়ান মাযহারী, হাফেজ কাউসার আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।