হাইওয়েতে গাড়ি থামিয়ে ঘুষের অভিযোগ, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানায় কর্মরত ছয়জন পুলিশ সদস্যকে ঘুষ নেওয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, এএসআই বিপুল বড়ুয়া এবং কনস্টেবল সাহাবুদ্দিন, মস্তু, সাকিবুল ও জহির মিয়া।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৩ তারিখে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে চালকের কাছ থেকে অবৈধ পণ্যের অভিযোগে ৮০ হাজার টাকা আদায় করেন তারা। এ বিষয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনের পর ঘটনাটি আলোচনায় আসে।
এরপর গতকাল (সোমবার) তাদেরকে সরাইল হাইওয়ে থানার দায়িত্ব থেকে সরিয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশের কার্যালয়ে সংযুক্ত করা হয়। বর্তমানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন এসআই মো. সজীব মিয়া।

এ বিষয়ে কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, “অভিযোগের ভিত্তিতে ছয়জনকে সরিয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার দিয়ে তদন্ত চলছে। যার বিরুদ্ধে যে পর্যায়ের সম্পৃক্ততা প্রমাণিত হবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *