হামাসের বিরুদ্ধে লড়তে মধ্যপ্রাচ্যের কিছু দেশ সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে: ট্রাম্প

মধ্যপ্রাচ্যের কিছু দেশ গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে গাজায় নড়বড়ে হয়ে পড়া যুদ্ধবিরতির মধ্যে হামাসকে আবারও হুমকি দিলেন তিনি।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ট্রাম্প লিখেছেন, ‘মধ্যপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যের আশপাশের অঞ্চলের আমাদের এখনকার মহান মিত্ররা স্পষ্ট ও জোরালোভাবে বড় উৎসাহ নিয়ে আমাকে জানিয়েছেন, তারা আমার অনুরোধে একটি শক্তিশালী বাহিনী নিয়ে গাজায় যাওয়ার সুযোগকে স্বাগত জানাবেন। যদি তারা খারাপ আচরণ অব্যাহত রাখে এবং আমাদের সঙ্গে নিজেদের চুক্তি ভঙ্গ করে, তাহলে তারা আমাদের হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন।’

কোন কোন দেশ ট্রাম্পকে গাজায় যাওয়ার প্রস্তাব দিয়েছে, তা তিনি প্রকাশ করেননি। তবে অঞ্চলটির বিষয়ে সাহায্য করায় ইন্দোনেশিয়ার কথা তিনি আলাদা করে উল্লেখ করেছেন।

ট্রাম্প লিখেছেন, ‘মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রকে দেওয়া যাবতীয় সহায়তার জন্য আমি মহান ও শক্তিশালী দেশ ইন্দোনেশিয়ার এবং দেশটির অসাধারণ নেতাকে ধন্যবাদ জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *