
জুলাই-আগস্টে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালানোর প্রমাণ মিলেছে। রোববার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। একইদিন র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আন্দোলন দমনে নির্বিচারে গুলির পরিকল্পনা ও বাস্তবায়নের নির্দেশ দেন হারুন অর রশীদ। তিনি বলেন, “র্যাবকে ব্যবহার করে হারুন অর রশীদ নানা অপরাধ করেছেন, যার যথাযথ প্রমাণ তদন্ত সংস্থার কাছে রয়েছে। এসব প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হয়। আদালত তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।”
এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য কনস্টেবল মুকুল ও এসআই মালেককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। চিফ প্রসিকিউটর এ তথ্য নিশ্চিত করেন।
অভিযোগগুলোর তদন্ত ও বিচার কার্যক্রমে আদালত দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রসিকিউশন।