
বিশ্বব্যাপী ইসলামিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং সৌদি দূতাবাসের ধর্মীয় অফিসগুলোতে ১২ লাখ কপি কোরআন ও তার তাফসির (ব্যাখ্যা) বিতরণের অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। সৌদি বাদশাহর কোরআন উপহার কর্মসূচির অংশ হিসেবে পবিত্র রমজান মাসে ৪৫টি দেশে এই বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করবে দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া ও গাইডেন্স মন্ত্রণালয়। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া ও গাইডেন্স মন্ত্রী আব্দুললতিফ আল আশ শায়খ জানিয়েছেন, বিতরণের জন্য প্রস্তুতকৃত কোরআনের কপিগুলো অত্যন্ত উচ্চমানের। সৌদি আরবের কোরআনের শিক্ষাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এগুলো বিতরণ করা হবে।
তিনি আরও জানান, বিশ্বজুড়ে মুসলমানদের, বিশেষ করে রমজান মাসে কোরআন ও এর তাফসির সহজলভ্য করতেই বাদশাহ সালমান এই উদ্যোগ নিয়েছেন। কোরআন বিতরণের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সুবিধা এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। এ লক্ষ্যে ধর্মীয় অফিস, সংশ্লিষ্ট কেন্দ্র এবং বিভিন্ন ইসলামিক কাউন্সিল ও সংগঠনের সঙ্গেও সমন্বয় করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে সৌদি আরব বিশ্বব্যাপী কোরআনের শিক্ষা ও বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ইসলামিক সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন।