৪৭তম বিসিএসের আবেদন শুরু আজ

৪৭তম বিসিএসের আবেদন আজ (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। প্রার্থীরা ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

পিএসসি সূত্র জানিয়েছে, এ বিসিএস পরীক্ষায় মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। এছাড়া আবেদন ফিও কমিয়ে ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা ধার্য করা হয়েছে।

প্রাথমিকভাবে ৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হওয়ার কথা ছিল। তবে সরকারি চাকরির আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি না হওয়ায় পিএসসি আবেদন গ্রহণ স্থগিত করে।

পিএসসি গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে, যা শেষ হওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

৪৭তম বিসিএসে মোট ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে রয়েছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

এই বিসিএস নিয়ে যেকোনো নতুন তথ্য পেতে আবেদনকারীদের নিয়মিত পিএসসি ওয়েবসাইট পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *