
৪৯তম বিসিএস (বিশেষ) ২০২৫–এর সিলেবাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৩ জুলাই) পিএসসির ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়েছে। বিশেষ এই বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে।
প্রকাশিত সিলেবাস অনুযায়ী—আবশ্যিক বিষয় (এমসিকিউ টাউপ) বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি মিলে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।
এগুলোর মধ্যে—বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি এই চারটি বিষয়ে ২০ নম্বর করে ৮০ নম্বর এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি ১০ নম্বর করে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। আর পদ সংশ্লিষ্ট বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রকাশিত সিলেবাস পিএসসি’র ওয়েবসাইট https://bpsc.gov.bd/ দেখা যাবে।
অনলাইনে ৪৯তম বিসিএসের পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ২২ জুলাই দুপুর ১২টা থেকে।
আবেদনের সুযোগ এক মাস। আবেদন করা যাবে ২২ আগস্ট (২২-০৮-২০২৫) সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।