
দেশের অপরাধ দমনে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
আইজিপি বাহারুল আলম বলেন, সারাদেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে আমাদের হাতে কোনো ম্যাজিক নেই। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। ছাত্র-যুবকদের সহায়তা এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধ প্রতিরোধ করতে হবে।
তিনি আরও জানান, জুলাই-আগস্টের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশ বাহিনীতে পুনর্গঠনের কাজ চলছে।
সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে আইজিপি বলেন, তদন্ত চলছে, তদন্ত কমিটি বিস্তারিত জানাবে। পাশাপাশি সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো গুরুতর বিষয় পাওয়া যায়নি বলে জানান তিনি।
সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অতীত অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে বলেন, ৫ আগস্টের ৭২ ঘণ্টা আগে সঠিক সিদ্ধান্ত নেওয়া গেলে অনেক প্রাণ এবং পুলিশ সদস্য রক্ষা পেতেন। ভবিষ্যতে এমন ভুল এড়াতে প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, ফোর্সের কাজে ব্যবহার না হলে পুলিশ সদস্যদের ব্যারিস্টার বা ডক্টরেট ডিগ্রির কোনো উপকার নেই। সেবার মাধ্যমেই জুলাই গণ-অভ্যুত্থানে হারানো ইমেজ ফিরিয়ে আনতে হবে।