
হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড গাজায় বন্দী একজন ইসরায়েলি জিম্মির একটি ভিডিও প্রকাশ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা করে শতাধিক জিম্মিকে গাজায় নিয়ে এসেছিল হামাস যোদ্ধারা।
শনিবার (৪ জানুয়ারি) সাড়ে তিন মিনিটের তারিখহীন এই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে লিরি আলবাগ নামের ১৯ বছর বয়সী একজন সৈনিক হিব্রু ভাষায় ইসরায়েলি সরকারের কাছে তার মুক্তি নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে।
ইসরায়েলি জিম্মিদের পরিবারের গ্রুপ ‘দ্য ক্যাপটিভস অ্যান্ড মিসিং ফ্যামিলি ফোরাম’ জানিয়েছে, গাজা সীমান্তে নাহাল ওজ ঘাঁটিতে যখন লিরিকে আটক করা হয়, তখন তার বয়স ১৮ বছর ছিল।
লিরি আলবাগের পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বিশ্বনেতাদের কাছে আবেদন করছি, এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার। দ্রুত সিদ্ধান্ত নিন।’
এর আগে হামাস এবং তার সহযোগী ইসলামিক জিহাদ তাদের হেফাজতে থাকা ইসরায়েলি জিম্মিদের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। প্রায় ১৫ মাস ধরে এই জিম্মিরা গাজা উপত্যকায় বন্দী আছে।
হামাস ২৫১ জন ইসরায়েলি নাগরিককে বন্দী করেছিল। এদের মধ্যে ৯৬ জন গাজায় রয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ,ইতোমধ্যেই ৩৪ জন নিহত হয়েছে।
গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধে অন্তত ৪৫ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখের বেশি আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু।
এদিকে শুক্রবার রাতে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, সেই রাতেই কাতারে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির জন্য ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে এরপর এই বিষয়ে আর কোনো তথ্য জানায়নি ফিলিস্তিনের মুক্তিকামী এই সংগঠনটি।
জিম্মিদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর চাপ অব্যাহত রেখেছে দ্য ক্যাপটিভস অ্যান্ড মিসিং ফ্যামিলি ফোরাম। গ্রুপটি প্রতি সপ্তাহে বিক্ষোভ সমাবেশ করে থাকে।
সূত্র: এএফপি