
এস আলমের নিয়ন্ত্রণে থাকা চার ব্যাংকসহ ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বাধ্যতামূলক ছুটির নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এমডিদের বাধ্যতামূলক ছুটির তালিকায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক।
রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্রে এই তথ্য জানা গেছে। তাদের মধ্যে শনিবার (২ জানুয়ারি) দায়িত্বে অবহেলার অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।
সূত্রটি আরও জানায়, বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (২ জানুয়ারি) ছয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে। সেখানে এসব ব্যাংকে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার লক্ষে এস আলম ঘনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক শনিবার পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে। রোববার এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হওয়া সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদের জরুরি সভা ডাকা হয়েছে। অন্য ব্যাংকগুলোর উচ্চ পদে শিগগিরই পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।