সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আগুন, নিহত ৪

ঢাকার সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে ৪ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। জানা গেছে, বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

মূলত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্স ও দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজনই পুড়ে মারা যান। যদিও তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ২টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

এসময় তিনি আরও জানান, সংঘর্ষের পর বাসের যাত্রীরা বাস থেকে নেমে যান। আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত অনেককেই স্থানীয়রা হাসপাতালে পৌঁছে দেন।

এর আগে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন লেগে সেই আগুন পেছনে থাকা আরও এক বাসে ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *