
রাজধানীর বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
ডিবি পুলিশের পরিদর্শক নুরুল ইসলাম খান আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী শুনানিতে অংশ নেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাড্ডার ফুজি টাওয়ারের সামনে প্রগতি সরণিতে এলোপাতাড়ি গুলিতে নিহত হন সুমন শিকদার। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়েছে।