
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনাকে অপরিকল্পিত আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করছে।
এরদোয়ান বলেন, ‘দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে। ইতিহাস, মূল্যবোধ ও ঐতিহ্যকে উপেক্ষা করে এমন কোনো দৃষ্টিভঙ্গি কারও থাকা উচিত নয়।
তিনি বলেন, ‘এই জোরপূর্বক স্থানচ্যুতি অনুমোদন করা একেবারেই অগ্রহণযোগ্য। এটি হবে একটি সম্পূর্ণ নৃশংসতা।’
ট্রাম্প ফিলিস্তিনি জনগোষ্ঠীকে মিশর ও জর্ডানে পুনর্বাসন পরিকল্পনার জন্য চাপ দিচ্ছেন, যে প্রস্তাব উভয় দেশই বারবার প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্পের প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে এরদোয়ান ফিলিস্তিনিদের যে কোনো জোরপূর্বক স্থানচ্যুতির তীব্র নিন্দা জানিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প প্রথমে প্রস্তাব দিয়েছিলেন, মিশর ও জর্ডান যেন গাজার ফিলিস্তিনিদের গ্রহণ করে। পরে তিনি আরো এগিয়ে গিয়ে গাজার ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন, যেখানে ফিলিস্তিনিদের নিজ দেশে ফেরার কোনো অধিকার থাকবে না।
ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে মিশর তাদের অবস্থান স্পষ্ট করেছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানিয়েছেন, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে ও গাজার পুনর্গঠনের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহও গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের মার্কিন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি জানান, ফিলিস্তিনিদের উচ্ছেদ না করেই গাজার পুনর্গঠন হবে ও এ বিষয়ে আরব বিশ্ব দৃঢ়ভাবে একমত।
সূত্র : আলজাজিরা