
নাটোরের সিংড়া উপজেলায় নকল বই ছাপানোর একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জেনারেল ও মাদরাসা বোর্ডের বই উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানের পর কারখানাটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দাহ ইউনিয়নের নলবাতা এলাকায় নকল বোর্ড বই তৈরির কারখানায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় তারা বিপুল পরিমাণ জেনারেল ও মাদ্রাসা বোর্ডের বই উদ্ধার করে। অভিযানের পরে নকল বই তৈরির কারখানাটি সিলগালা করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সরদার জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে আজ দুপুরে উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের নলবাতা বাজারে ক্ষণিকালয় নামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেখানে নকল বোর্ড বই তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় সেখানে বিপুল পরিমাণে ছাপা বই মজুদ করা ছিল।
উদ্ধারকৃত নকল জেনারেল ও মাদ্রাসা বোর্ডের বই গুলোর সংরক্ষণ প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযান পরবর্তীতে নকল বই তৈরির কারখানাটি সিলগালা করে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে প্রেস এর মালিক আব্দুল হালিমকে সেখানে পাওয়া যায়নি। কারখানার বৈধ কোন কাগজপত্র কেউ দেখাতে পারেননি।
তিনি আরও জানান বৈধ কাগজপত্র দেখাতে না পারলে ছাপাখানার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।