ইরানের রাজধানী খালি করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

এবার জরুরিভিত্তিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের সরে গিয়ে শহরটি খালি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইরানিদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘অবিলম্বে তেহরান খালি করুন।’ তবে কী কারণে এ ধরনের সতর্কবার্তা, তা স্পষ্ট করেননি ট্রাম্প।

বিবিসি জানায়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে। তবে এই হুঁশিয়ারির পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি। ট্রাম্পের এই হঠাৎ হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল। আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম। এটা লজ্জার, আর মানব জীবনের ক্ষতি। সাধারণভাবে বলছি : ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি। সবাই জরুরিভিত্তিতে তেহরান খালি করে দিন।’

এদিকে গত শুক্রবার থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়। তবে এ বিবৃতিতে অবশ্য ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি। এতে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *