
ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ইজিবাইক চুরি ও ছিনতাই চক্রের ৩ সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ইজিবাইক খুলে রাখা যন্ত্রাংশ। বৃহস্পতিবার ভোর রাতে দিনাজপুর দশ মাইল এলাকা থেকে আটক করে পুলিশ
আটকৃতরা হলেন- ঠাকুরগাঁও শহরের শাহপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মোহামিনুল ইসলাম মিলু, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার আইজার রহমান ও তার বিহায় একই জেলার খানসামা উপজেলার সিরাজুল ওরফে চালাকু।
সদর থানা পুলিশ জানায়, কয়েক মাস ধরে শহরের বিভিন্ন স্থানে চক্রটি বিভিন্ন কৌশলে ইজিবাইক চুরি করে আসছিল। গেল মাসে ২২ টি ইজিবাইক চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা থানায় এজাহার দিলে পুলিশ তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে মিলুকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া স্বীকারোক্তির প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোররাতে অভিযান বালিয়ে দিনাজপুরের দশ মাইল এলাকা থেকে আরও দুজনে আটক এবং ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান বলেন, ইজিবাইক চুরি চক্রের ৮ জনের মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে মামলায়
গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বাকি ৫ জনকে আটকের চেষ্টা করছে পুলিশ।