ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২৮ জুন) অনুষ্ঠিত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ।

জাতীয় নির্বাচনে সংস্কার, বিচার ও আনুপাতিক (পিআর) পদ্ধতির দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে সকাল ১০টায়। এতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন। মূলপর্ব শুরু হবে দুপুর ২টায়, যেখানে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মহাসমাবেশ সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। গতকাল শুক্রবার মাঠ পরিদর্শন করেন মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি জানান, সারা দেশ থেকে কয়েক হাজার বাস রিজার্ভ করা হয়েছে। পাশাপাশি লঞ্চ ও ট্রেনেও বিপুলসংখ্যক জনতা সমাবেশস্থলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “এই মহাসমাবেশ থেকে দেশের রাজনীতিতে নতুন বার্তা যাবে। জাতির সামনে আমরা পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা ও ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ব্যাপারে স্পষ্ট বক্তব্য তুলে ধরব।”

তিনি আরও জানান, মহাসমাবেশে পিআর পদ্ধতিকে সমর্থনকারী এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

মহাসমাবেশকে ঘিরে এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও সার্বিক তত্ত্বাবধান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *