সিরাজগঞ্জে ট্রাক-রিকশা সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টায় নুর জাহান হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সলঙ্গা থানার পুরানা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) এবং তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান খন্দকারের দুই ছেলে জুয়েল ও রাসেল খন্দকার ব্যাটারিচালিত অটোরিকশায় করে অসুস্থ বাবাকে নিয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে নুর জাহান হোটেলের সামনে মহাসড়কে খানাখন্দ থাকায় অটোরিকশাটি সড়কের মাঝামাঝি চলে আসে। এ সময় বনপাড়াগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান খন্দকার ও জুয়েল মারা যান। গুরুতর আহত হন রাসেল খন্দকার। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *