মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেশীয় অস্ত্রসহ সেলিম এবং ফয়সাল নামের ২ জনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই স্থানীয়ভাবে পরিচিত মাদক কারবারি।

এ বিষয়ে এডিসি জুয়েল রানা বলেন, মাদক কারবারিরা এলাকায় আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়, কিন্তু জামিনে বেরিয়ে এসে তারা আবারও একই অপরাধে জড়ায়। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জানা গেছে, জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারিরা মাদকের স্পট দখলে নিতে গত কয়েকদিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। মাদক কারবারকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটছে। মুহুর্মুহু গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে মাদক কারবারিদের দুই পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়েছে। এ ঘটনায় শাহ আলম নামে এক কিশোর নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *