আলেপ্পোতে গণকবরের সন্ধান: হাজার হাজার মরদেহ থাকার আশঙ্কা

সিরিয়ার আলেপ্পোতে একটি বিশাল গণকবরের সন্ধান পাওয়া গেছে, যেখানে হাজার হাজার মৃতদেহের আশঙ্কা করা হচ্ছে। সোমবার আলেপ্পো পুলিশ কমান্ডের এক কর্মকর্তা এই তথ্য নির্দ্বারণ করেছেন।গত ৮ ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠীর হামলার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। এর কয়েকদিন পরই দামেস্কে একটি বিশাল গণকবর আবিষ্কৃত হয়, যেখানে লক্ষাধিক মৃতদেহ থাকার আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি আলেপ্পোর একজন নাগরিক পুলিশকে জানিয়েছেন, তিনি নিজে আলেপ্পোতে শত শত মৃতদেহ দাফনের দৃশ্য প্রত্যক্ষ করেছেন। পুলিশ এখন বিশেষজ্ঞ কমিটির অপেক্ষায় রয়েছে, যারা গণকবরটি পরীক্ষা করে মৃতদেহ উদ্ধার করবে।

সিরিয়ান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আলেপ্পো গভর্নরেট পুলিশ বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ লতিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিভিল ডিফেন্স টিমকে তদন্তের নির্দেশ দিয়েছেন। উদ্ধারকৃত মৃতদেহগুলোর পরিচয় নির্ধারণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।

আসাদ সরকারের আমলে ব্যাপক গুম-খুনের ঘটনা ঘটেছে। নিরাপত্তাবাহিনীর সদস্যরা অনেককে হত্যা ও গুম করেছে। অনেক মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে এবং অনেককে গণকবরে সমাহিত করা হয়েছে।

দামেস্ক ও আলেপ্পোতে গণকবরের আবিষ্কারের ফলে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের আশা আরও ক্ষীণ হয়ে পড়ছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী দিনগুলোতে আরও গণকবরের সন্ধান পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *