
ছাত্র-জনতার কর্মসূচি চলাকালীন গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে কয়েকজনকে হত্যার ঘটনায় পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে আগামী ১২ জানুয়ারি হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।
১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আজ ট্র্যাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।
আদেশের বিষয়ে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বলেন, শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার আসামি পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে আইসিটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করি। ট্রাইব্যুনাল আমাদের আবেদন শুনানি শেষে আগামী ১২ জানুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ জানুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় মানুষকে নিশানা করে গুলি করছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্য মো. সুজন হোসেন। পরবর্তীতে সুজন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।