আ.লীগকে নির্বাচনে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের চাপ নেই: প্রেস সচিব

আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান।

প্রেসসচিব বলেন, আসন্ন নির্বাচন এ যাবতকালের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সে হিসেবে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। মূলত এই নির্বাচনের জন্য বিদেশি বন্ধুরাও মুখিয়ে আছেন। তারাও আত্মবিশ্বাসী এই সরকারের অধীনে একটি ভালো নির্বাচন হবে, সেজন্য তারা সব ধরনের সমর্থন দিচ্ছেন।

তিনি বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগের লোকজনও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বিগত সাড়ে ১৫ বছরে তারাও ভোট দিতে পারেনি। কারণ তাদের হয়ে পুলিশ ভোট দিয়েছে।

প্রেস সচিব আরও বলেন, নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই। কারণ আওয়ামী লীগ যে ধরনের গুম, খুন ও ভয়ানক ডাকাতির রাজ্য কায়েম করেছিল তা পুরো পৃথিবীর মানুষ জানে। তাদের হয়ে কেউ এসে বলছে না আওয়ামী লীগকে সুযোগ দেয়ার জন্য। বরং আওয়ামী লীগ অনুতপ্ত হয়ে ক্ষমা না চেয়ে সেই বলার সুযোগও রাখেনি।

নির্বাচনকে বানচাল করার মত সাধ্য কোনো অপশক্তির নেই জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কি করতে পারে তা সবারই জানা। তারা কেবল জ্বালাও, পোড়াও মানুষ হত্যা করতে পারে। এর বাইরে তারা আর কিছুই করতে পারে না। তাদের মিছিলে এখন কেউ যায় না। মূলত যারা ডলার নিয়ে পালিয়েছেন তারা জানেন তাদের নেত্রী আর ফিরে আসবেন না। সেজন্য তারা ডলার অন্য খাতে ব্যয় করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *