
ইসরায়েলি বাহিনী হামাসকে পুরোপুরি নির্মূল করতে ব্যর্থ হয়েছে বলে দেশটির গণমাধ্যমে আবারও মন্তব্য করা হয়েছে। উত্তর গাজা থেকে হামাসের অব্যাহত রকেট হামলার পরিপ্রেক্ষিতে এই ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে।
মিডলইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, ইসরায়েল আর্মি রেডিও’র সামরিক প্রতিবেদক আমির বার-শালোম জানিয়েছেন, গত ১৯ দিনে হামাস ২০টি রকেট নিক্ষেপ করেছে, যার মধ্যে ১৪টি উত্তর গাজা থেকে।
তার মতে, ইসরায়েলি বাহিনী এখন আর আগের মতো সংগঠিত হামাস বাহিনীর মুখোমুখি হচ্ছে না। বরং তারা ছোট ছোট দলের মোকাবেলা করছে। ফলে হামাসের প্রতিটি সদস্যকে খুঁজে বের করে নির্মূল করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের প্যালেস্টাইন স্টাডিজ বিভাগের প্রধান মাইকেল মিলস্টেইনও একই ধরনের মত প্রকাশ করেছেন। চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী এখন হামাসের ‘দ্বিতীয় সংস্করণের’ মুখোমুখি। সংগঠনটি নিজেদের পুনর্গঠন করে বৃহৎ বাহিনী থেকে ছোট ছোট গেরিলা দলে রূপান্তরিত হয়েছে।
তিনি আরও বলেন, যারা মনে করেন হামাসকে সম্পূর্ণরূপে পরাজিত করা সম্ভব, তাদের বুঝতে হবে শেষ যোদ্ধা বা শেষ দল পর্যন্ত পৌঁছানো কখনোই সম্ভব নয়।
ইসরায়েলি দৈনিক ইয়েদিয়থ আহরোনোথের সামরিক বিশ্লেষক ইয়োসি ইয়েহোশুয়াও একই সুরে মন্তব্য করেছেন। তার মতে, হামাস এখনও দৃঢ় অবস্থানে রয়েছে এবং নতুন সদস্য সংগ্রহ করতে সক্ষম। এমনকি তারা এখনও গাজাবাসীর ব্যাপক সমর্থন উপভোগ করছে, যা ইসরায়েলের জন্য তাদের নির্মূল করাকে আরও কঠিন করে তুলেছে।
এই পরিস্থিতি ইঙ্গিত দেয় যে, হামাস এখনও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সংগঠিত ও কৌশলী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। এমনকি এ ঘটনা ইসরায়েলি সামরিক কৌশলের কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।