জানুয়ারিতেই দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা

প্রথমবারের মতো দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫ শুরু হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে চলতি জানুয়ারিতেই এ প্রতিযোগিতা শুরু হবে।

ইফার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ধারাবাহিকভাবে উপজেলা বা জোন পর্যায়, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

ইফা জানায়, এ প্রতিযোগিতা ৪৯৫ উপজেলা, ৬৪ জেলা হয়ে ৮টি বিভাগকে ১৫টি জোনে ভাগ করে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীতে চারটি জোন, চট্টগ্রাম মহানগরীতে তিনটি, রাজশাহী ও খুলনা মহানগরীতে দুটি, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ মহানগরীতে একটি করে জোন হিসেবে মোট ১৫টি জোনে ভাগ করা হয়েছে।

ইফা আরও জানায়, জানুয়ারিতে উপজেলা পর্যায়ে, ফেব্রুয়ারি মাসে জেলা পর্যায়ে ও এপ্রিল মাসে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে মে মাসে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক পাঁচজন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবেন। তিনটি গ্রুপের মধ্যে ক গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ, (অনূর্ধ্ব ১৮ বছর, ছাত্র), খ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ (অনূর্ধ্ব ১৫ বছর, ছাত্র), গ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনূর্ধ্ব ১২ বছর, ছাত্র) বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্যায়ে উপহার হিসেবে প্রথম পুরস্কার বিজয়ীকে দুই লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

এছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় ও জেলা অফিসগুলোয় যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *