
তাপমাত্রার পারদ বাড়লেও হিমেল বাতাসের ঠান্ডায় কাবু দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। হাড় কাঁপানো শীত, সাথে দিনভর ঠান্ডা বাতাসে জবুথবু জনজীবন। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন। হিমেল বাতাসের কারণে কাজে যেতে পারেননি অনেক।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতে আবারও জুবুথুবু অবস্থায় পড়েছে পঞ্চগড়ের জনজীবন। গতকাল তাপমাত্রা কিছুটা বাড়লেও সারাদিনই সূর্যের দেখা মিলেনি। রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির ফোটার মতো ঝড়ে পড়া কুয়াশা আর হিম শীতল বাতাসে আজও দুর্ভোগ পোহাচ্ছে জেলার সাধারণ মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানায়, আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছেন।
তীব্র ঠাণ্ডার কারণে শহরে তেমন একটা লোকজনের উপস্থিতি নেই। এতে অর্থকষ্টে পড়েছে রিকশা-ভ্যান ও অটোচালকেরা।
পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে, তীব্র ঠাণ্ডার কারণে আজও সকাল থেকেই ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে লোকজন হাসপাতালে ভীড় করেছে।