
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) টানা ৫ মাস ১০ দিন বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) থেকে পুনরায় ক্লাস শুরু হচ্ছে। দীর্ঘ অচলাবস্থার পর শিক্ষার্থী ও শিক্ষকরা আবার একাডেমিক কার্যক্রমে ফিরছেন।
সোমবার (২৮ জুলাই) দুপুরে কুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশনা দেন। এর আগে সকালে শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি তিন মাসের জন্য স্থগিত করার ঘোষণা দেয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে উপাচার্য ড. মাকসুদ হেলালী শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। এসব আলোচনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ক্লাস ও পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা একমত হয়েছেন যে, একদিকে ক্লাস চলবে এবং অন্যদিকে তদন্ত কার্যক্রমও অব্যাহত থাকবে। এ অবস্থান থেকেই আগামীকাল মঙ্গলবার থেকে ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কুয়েট ক্যাম্পাসে শতাধিক ব্যক্তি আহত হন। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগে তৎকালীন উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা।
পরিস্থিতির উত্তাপের মুখে ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অব্যাহতি দেয়। এরপর শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষক সমিতি ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয়।