
মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত পথে ১০ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার করমপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে রয়েছেন ১ জন পুরুষ, ৩ জন নারী এবং ৬ জন শিশু।
জানা গেছে, বিজিবির বিয়ানীবাজার-৫২ ব্যাটালিয়নের সদস্যরা করমপুর সীমান্তে টহলের সময় পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করা অবস্থায় তাদের দেখতে পায় এবং আটক করে।
বিজিবি জানায়, আটককৃতরা পাঁচ বছর আগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন কাজের উদ্দেশ্যে। দীর্ঘ সময় ভারতে থাকার পর ভারতীয় কর্তৃপক্ষ তাদের রাতের আঁধারে করমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।
বর্তমানে বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ করছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।