কুষ্টিয়ায় রাসেলস ভাইপারের কামড়ে প্রাণ গেল ২ জনের

কুষ্টিয়ায় ৬ ঘণ্টার ব্যবধানে রাসেলস ভাইপার সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আশরাফুল হোসেন কালু (৩৫) নামে এক যুবককে মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে আম বাগান থেকে রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৮ মে) ভোররাতে তার মৃত্যু হয়।

মৃত আশরাফুল হোসেন কালু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গবরগাড়া গ্রামের নাড়া ফকিরের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

অন্যদিকে কামরুল প্রামানিক (৫০) নামে এক ব্যক্তিকে বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলা বাগান থেকে রাসেলস ভাইপার সাপে কামড় দেয়। তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত কামরুল প্রামানিক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের করিম প্রামাণিকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, রাসেলস ভাইপার সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করার জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *