
এক অনন্য নজির স্থাপন করলেন ইরাকের এক বৃদ্ধা। সীমিত আয়ের সংসার চালিয়েও কোরআন শিক্ষার প্রসারের জন্য নিজের বাসস্থানটি দান করে দিয়েছেন ৭০ বছর বয়সী উম্মে ওয়াসাম। ইরাকের মেসান গভর্নরেটের আল আমরাহ শহরে অবস্থিত তার এই বাড়িটি ইতিমধ্যে একটি কোরআনিক স্কুলে রূপান্তরিত করা হয়েছে।
জানা গেছে, স্থানীয় কোরআনিক সোসাইটির জায়গা সংকটের কথা জানতে পেরেই এমন মহৎ উদ্যোগ নেন তিনি। দুই কামরার ছোট্ট এই ঘরে উম্মে ওয়াসাম তার ছেলেসহ সাত সদস্যের পরিবার নিয়ে বসবাস করতেন। কোরআন শিক্ষার প্রতি অগাধ ভালোবাসা থেকেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হননি এই বৃদ্ধা। তার পরিবারের অন্যান্য সদস্যরাও তার এই মহৎ উদ্যোগকে সাদরে সমর্থন জানিয়েছেন।
কোরআনিক সোসাইটির প্রধান সাজ্জাদ মনসুর উম্মে ওয়াসামের এই অনন্য উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি জানান, এই কোরআন শিক্ষা কেন্দ্র থেকে ইতিমধ্যে শিক্ষার্থীরা বিদেশে গিয়ে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে। সম্প্রতি এই প্রতিষ্ঠানের একজন ছাত্র ভারতে আয়োজিত একটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় জয়লাভ করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইরাকে কোরআন প্রতিযোগিতা, তেলাওয়াত সেশন এবং ধর্মীয় শিক্ষামূলক অনুষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।