জমি নিয়ে বিরোধ, চাচিকে কুপিয়ে হত্যা

নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচি খালেদা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যা এবং খালেদার ছেলে সেলিমকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ভাসুর খালেকের ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে। রোববার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার নশরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরে গুরুতর আহত সেলিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, নশরতপুর গ্রামে আব্দুল খালেক এবং আব্দুল বারেক নামে দুই ভাইয়ের জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে শনিবার ঝগড়া হয়। এরই জের ধরে রোববার দুপুর আড়াইটার দিকে আব্দুল খালেকের ছেলে মিরাজ তার চাচার বাড়িতে ঢুকে চাচি খালেদা এবং চাচাতো ভাই সেলিমকে কুপিয়ে জখম করে। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় দুই জনকেই সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত সেলিম হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরও জানান, অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *