
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা। বুধবার (১ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এরই মধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এ বক্তব্য ভাইরাল হয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায়, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলেই প্রতিদিন বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সাথে হঠকারিতা করেন নাই।’
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন, ‘শেখ সেলিম, শেখ হেলালসহ এ শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে, এ শেখ পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নাই। যুদ্ধ না করেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কী করে? ৯৬ সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছেন।’
শেখ হাসিনা সাড়ে তিনশ’ মন্ত্রী এমপি নিয়ে পালিয়েছেন। স্থানীয় জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘একটা দল (জামায়াত) আমাদের সাথে ছিল। তারা অতীতে আমাদের ওপর ভর করে ক্ষমতায় এসেছে। চৌদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কতো।’ আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য ২শ’ করে ছোট লাঠি প্রস্তুত করার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সভায় উপস্থিত দলের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কোন মুসলিম এমন বক্তব্য দিতে পারে? তাঁর এমন বক্তব্যে আমরা বিস্মিত, দলের প্রতি অতি আবেগ দেখাতে গেলে যা হয়।’