বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

ফেনীর পরশুরামে মো. মিল্লাত হোসেন (২১) ও লিটন নামের দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের গুলিতে মো. আফছার (৩১) নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) ভোরে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

নিহত মিল্লাত পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে যান মিল্লাত, লিটন ও আফছার। তখন তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। গুলিবিদ্ধ অবস্থায় লিটনকে ধরে নিয়ে যায় বিএসএফ। সেখানে বিলোনীয়া হাসপাতালে তার মৃত্যু হয়। অন্য দু’জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। আবছারকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফেনী-৪ বিজিবির সিইও লে. কর্নেল মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ কাজ চলমান আছে। কেন এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তারা শূন্য লাইন অতিক্রম করেছে। পাশাপাশি বিজিবিকে প্রতিবাদ লিপি পাঠানো হবে। কোনো অবস্থাতেই বর্ডারে ফায়ারিং কাম্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *