মোহাম্মদপুর থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

রাজধানীর মোহাম্মদপুর থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বার্তায় এ তথ্য জানায়।

ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এই চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই থানাধীন তিন রাস্তার মোড়ের পাশের একটি গলিতে ছিনতাইয়ের শিকার হন এক সাংবাদিক। ঘটনার সময় তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন। পথিমধ্যে একদল ছিনতাইকারী চাপাতি হাতে তাদের গতিরোধ করে এবং সাংবাদিকের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে তিনি আহত হন। পরবর্তীতে তিনি বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানালে, তেজগাঁও বিভাগের ডেপুটি পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলো, ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)

এদের মধ্যে ইউসুফ মূল ছিনতাইকারী। এ সময় ছিনতাইকৃত মোবাইল ফোন সেটটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *