রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গোয়েন্দা সংস্থা দিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করা হলে জনগণ মেনে বেনে না এবং সেই দল গণতান্ত্রিক দল হিসেবে গণ্য হবে না।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের একটি সমিতি এই আলোচনা সভার আয়োজন করে।

সেই সভায় রিজভী আরও বলেন, কারা নির্বাচিত হবে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এ আত্মত্যাগের কী দাম থাকবে।

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, শেখ হাসিনার কালাকানুনের বিরুদ্ধে বিএনপিসহ অনেক দলের আত্মত্যাগ অস্বীকার করা যাবে না। কিন্তু আওয়ামী লীগের তৈরি আইনের সঙ্গে সাইবার সুরক্ষা আইনের কোনো পার্থক্য নেই। সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে রুটটি দেখছি, তাতে ভালো কিছু নেই।

রুহুল কবির রিজভী আরও বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেয় কীভাবে। পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছে। ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে দেশে বাস্তবায়নের চেষ্টা চলেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত দেশকে শুধু ভারত ছাড়া সবাই স্বীকৃতি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *