শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত মো. রুহুল আমিনকে (৪১) গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম ইয়াসির আরাফাত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার মো. রুহুল আমিন ডিএমপির ধানমন্ডি ট্রাফিক ডিভিশনে কর্মরত ছিলেন। তিনি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির বাসিন্দা এবং বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এই তথ্য নিশ্চিত করে বলেন, আদালত অভিযুক্ত পুলিশ সদস্যকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, গত ২০ অক্টোবর ভিকটিমকে ঢাকা থেকে ফুঁসলিয়ে নারায়ণগঞ্জের বন্দরে তার বাসায় নিয়ে এসে রুহুল আমিন ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে তিনি শিশুটিকে পুনরায় ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশ সদস্য রুহুল আমিনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। পরবর্তীতে পুলিশ ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে। এই ঘটনায় ভিকটিম শিশুর চাচা বাদী হয়ে নারায়ণগঞ্জ বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এই ঘটনায় ওই শিশুর চাচা বাদী হয়ে মামলা করেছেন। নির্যাতিতা শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *