সিলেটে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ডাব্বর লাং (২৬) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ ডিসেম্বর) রাতে সংগ্রামপুঞ্জি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

আটককৃত ডাব্বর লাং ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের বাসিন্দা এবং জুবেন সুটিংয়ের ছেলে।

বিজিবি সূত্র জানিয়েছে, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপি এলাকায় সীমান্ত পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন সংগ্রামপুঞ্জি এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করেন ডাব্বর লাং। স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবির টহলদল তাকে আটক করে।

আটকের সময় তার কাছ থেকে ২৫ গ্রাম অ্যাডানক পাউডার উদ্ধার করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান নিশ্চিত করেছেন যে, আটক ব্যক্তি এবং উদ্ধারকৃত দ্রব্যাদি গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *