হুঁশ ফিরেছে নুরের, আইসিইউতে চিকিৎসাধীন

রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কিছুটা হুঁশ ফিরেছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে নুরের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়, তিনি এখনো আইসিইউতে চিকিৎসাধীন আছেন। পোস্টে নুরের দুটি ছবিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় তিনি নাকে ব্যান্ডেজ ও মুখে অক্সিজেন মাস্ক পরে শয্যায় শুয়ে আছেন।

স্ট্যাটাসে উল্লেখ করা হয়, হামলার পর থেকেই নুর আইসিইউতে রয়েছেন এবং তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, চিকিৎসকরা জানিয়েছেন নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরসহ আরও কয়েকজন নেতা-কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ ও বুক রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *